পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। যা আজ সোমবার থেকে মিলবে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আরো ১০টি ব্যাংকে।
গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট পাওয়া যাবে আজ থেকে। যা ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে যেসব ব্যাংকে নতুন টাকা মিলবে সেই ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ও ব্র্যাক ব্যাংক।
এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে, যা আজ থেকে বিতরণ শুরু করবে ব্যাংকগুলো। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা ব্যাংকগুলো নিজেরাই ঠিক করবে।
জানা গেছে, ঈদের আগে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যমানের নোট ছাপানো সম্ভব হয়েছে। এসব নোটের মধ্যে বেশির ভাগই ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ঈদের আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে এসেছে। এছাড়া ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নতুন ডিজাইনের নোট ছাপা শুরু হবে ঈদের পর।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন রবিবার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি গ্রাহক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই কয়েকটি ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে। এসব নোট সোমবার বা তার পরদিন থেকেই গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করবে।
নিজস্ব সংবাদ : 










