নিজ সংবাদ ॥ নকশীকাঁথা মেইল ট্রেনের ষ্টপেজের দাবীতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে দিল জনগন। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৪৩মিনিটে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়ার জগতি ষ্টেশনে থামিয়ে দেয় স্থানীয় জনগন। তাদের দাবী বাংলাদেশের প্রথম স্টেশন জগতিতে ঢাকা-খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেনের স্টপেজ দিতে হবে। সন্ধ্যা পৌনে ৭টায় রেল প্রশাসনের হস্তক্ষেপে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলে ট্রেনটি ২ ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল শুক্রবার ছিল বাংলাদেশের প্রথম রেলষ্টেশন জগতির ষ্টেশনের ১৬২বছরপূর্তি। এ উপলক্ষে এলাকাবাসী প্রতি বছরের মত ষ্টেশন আঙ্গিনায় বর্ষপূর্তির অনুষ্ঠান হিসেবে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় জগতি ষ্টেশনে নকশীকাঁথা ট্রেনের ষ্টপেজের দাবীতে তারা খুলনা অভিমুখি নকশীকাঁথা মেইল ট্রেনটি আটকিয়ে দেবে। কিন্তু নকশীকাঁথা ট্রেনটি বিলম্ব থাকায় বিকেল ৪টা ৪৩মিনিটে নির্ধারিত সময়ে জগতি ষ্টেশনে অতিক্রম করার মুহুর্তে স্থানীয়রা লাল পতাকা টাঙ্গিয়ে বোনাপোল এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। এসময় ট্রেন থেকে নেমে ট্রেনের পরিচালক মাহাবুব আলম স্থানীয়দের নিকট ট্রেন থামানোর কারন জানতে চাইলে এলাকাবাসী জগতি ষ্টেশনের উন্নয়ন ও নকশীকাঁথা ট্রেনের ষ্টপেজ দাবী জানান। এসময় তিনি রাজশাহী রেলের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফী নুরুজ্জামানের সাথে মোবাইলে আন্দোলনকারীদের কথা বলিয়ে দেন। ডিভিশনাল ম্যানেজার আন্দোলনকারীদের ট্রেন ছেড়ে দিয়ে তাদের দাবী নিয়ে অন্য কোন একদিন বসার অনুরোধ জানায় কিন্ত স্থানীয় নেতৃবৃন্দ তাঁর কথা কর্ণপাত করেনি। ২ ঘন্টা পর আবারো রাজশাহী রেলের ডিভিশনাল ম্যানেজার আন্দোলনকারীদের সাথে মোবাইলে কথা বলেন এবং নকশীকাঁথা ট্রেনের স্টপেজ দেয়ার ঘোষনায় এলাকাবাসী রেল লাইন থেকে সরে আসলে রাত পৌনে ৭টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে রওনা দেয়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ড্রাইভার মিনাল মাহফুজ জানান, লাইন ক্লিয়ার না থাকায় ট্রেন থামাতে বাধ্য হয়েছি। ট্রেনের পরিচালক মাহাবুব আলম জানান, ট্রেনটি নির্ধারিত টাইমে চলাচল করছিল গুরুত্বপুর্ণ ট্রেনটি এখন ২ ঘন্টার বেশি বিলম্ব হয়ে গেল। আন্দোলনকারী স্থানীয় নেতা মাসুদ রানা ও সোহেল রানা জানান, বাংলাদেশের প্রথন রেল ষ্টেশন জগতিতে শুধুমাত্র সাটেল ট্রেন থামে। আগে নকশীকাঁথা ট্রেন থামতো কিন্ত ঢাকাগামী হওয়ার পর থেকে জগতি ষ্টেশনে আর থামে না ফলে এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবী নকশীকাঁথা ট্রেনের ষ্টপেজ দিতে হবে এবং জগতি ষ্টেশনের উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও সেনাবাহিনী কুষ্টিয়া ইউনিটকে জানানো হলেও ঘটনাস্থলে তাদের কোন তৎপরতা দেখা যায়নি। এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয়ায় পোড়াদহ থেকে রাজবাড়ি ও ঢাকা রুটের ট্রেনের চলাচলে সিডিউল বির্যয় ঘটে। ফলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্র্রেস ট্রেনটি পোড়াদহ, নকশীকাঁথা মেইল ট্রেনটি কুষ্টিয়া বড় ষ্টেশনে এবং সাটেল ট্রেন বিলম্বিত হয়ে যায়।
টপ নিউজ :
কুষ্টিয়ার জগতি ষ্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ২ ঘন্টা আটকে রাখলো স্থানীয় জনগণ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- 40
জনপ্রিয় সংবাদ











