চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
রবিবার (৯ আগস্ট) ভোর ৩টার দিকে মাধবখালী সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়।
সকালে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বক্ষারিত এক সংবাদ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত মাধবখালী বিওপি’র আওতাধীন এলাকায় সীমান্ত পিলার-৭০/২-এস বরাবর অবস্থিত গেইট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন এর মেতেরী ক্যাম্প ০৩ জন ব্যক্তিকে (১ জন পুরুষ এবং ২ জন মহিলা) বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে।
বিজিবি জানায়, রাত আনুমানিক ৩টার দিকে উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই মাধবখালী বিওপি’র টহল দলের নজরে আসে। মাধবখালী বিওপি’র টহল দল শুন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং উক্ত ব্যক্তিরা সীমান্তের শুন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়।
বিজিবি’র দৃঢ় অবস্থানের কারণে ওই ৩ জন ব্যক্তি ভোর ৫টার দিকে ভারতের তারকাটার নিকট প্রত্যাবর্তন করে। পরবর্তীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন এর মেতেরি ক্যাম্পের সদস্যরা আনুমানিক সকাল ৮টার দিকে ৬৮/৫-এস বরাবর গেইট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, বিজিবি’র তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশ-ইন এর চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন’কে অবগত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন সহ সর্বোচ্চ সতর্ক এবং তৎপর রয়েছে।
ডেস্ক রিপোর্ট 










