শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। শিক্ষার্থীরা যাতে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও দক্ষ হয়ে ওঠে এবং ভবিষ্যতে একাধিক পেশায় নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা বৃত্তিও চালু করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রাথমিক স্তর থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণে কীভাবে পুষ্টিকর খাবার সরবরাহ করা যায়, সে বিষয়েও সরকার পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লাসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট 



















