সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের হওয়া মামলায় জগলুল পাশাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ জগলুল পাশার বিরুদ্ধে আছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা তাঁর বিরুদ্ধে আছে।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে জগলুল পাশা কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, জগলুল পাশার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এগুলোর মধ্যে আছে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালের হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা। এ ছাড়া গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলাও আছে তাঁর বিরুদ্ধে।
ডেস্ক রিপোর্ট 




















