বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও আইনশৃঙ্খলা অবণতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাজহাট থানাকে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি চিঠিতে এই অনুরোধ জানানো হয়।
গত ৩ আগস্ট ২০২৬ তারিখে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রক্টর অফিসের তথ্যমতে, ওই সংঘর্ষে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং আরও ২০ জন শিক্ষার্থী কম-বেশি আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
তার পরিপ্রেক্ষিতে আজ দুই দলই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি (বিক্ষোভ মিছিল ও সমাবেশ) আহ্বান করায় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।
বর্তমানে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট 




















