কুষ্টিয়ার কুমারখালীতে যাত্রীবাহী বাসের সুপারভাইজারের আড়ালে মাদক ব্যবসা চালানোর সময় ৬ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে কুষ্টিয়া র্যাব-১২।
রবিবার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ঢাকা-কুমারখালীতে রুটে চলাচলকারী ‘রোজিনা পরিবহন’ বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে রাজবাড়ী থেকে বড় মাদকের চালান বাসের মাধ্যমে কুষ্টিয়ার দিকে আনা হচ্ছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে র্যাবের একটি দল কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়।
অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে আসা রোজিনা পরিবহনের একটি বাসে করে কুমারখালী কাজীপাড়া এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে নামেন সুপারভাইজার হেলাল। সেখান থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় ময়েনমোড় এলাকায় র্যাব সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজবাড়ী থেকে ইয়াবার একটি চালান কুষ্টিয়ার দিকে আনা হচ্ছে। এই সংবাদ পাওয়ার পর র্যাবের একটি দল কুমারখালীর ময়েনমোড় এলাকায় চেকপোস্ট বসায়। চেকপোস্টে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেস্ক রিপোর্ট 




















